একযোগে ২৭ ফেডারেশনের অ্যাডহক কমিটি দিলো জাতীয় ক্রীড়া পরিষদ

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

অন্তর্বর্তী সরকারের গঠিত ক্রীড়া ফেডারেশনগুলোর অ্যাডহক কমিটি বাতিল করে ২৭টি ফেডারেশনের জন্য নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করেছে সরকার। শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদ এ ঘোষণা দেয়। নবগঠিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট ফেডারেশনের নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন কমিটি গঠিত ফেডারেশনগুলোর মধ্যে রয়েছে আর্চারি, অ্যাথলেটিকস, বক্সিং, কাবাডি, হকি, সাঁতার, শুটিং, দাবা, টেনিস, টেবিল টেনিস, ভলিবল, ব্যাডমিন্টন, জুডো, জিমন্যাস্টিকস, কারাতে, তায়কোয়ান্দো, ফেন্সিং, সাইক্লিং, রাগবি, রেসলিং, উশু, ভারোত্তোলন, খো খো, ক্যারম, রেইং, হ্যান্ডবল এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা।

নতুন কমিটিতে বাংলাদেশ আর্চারির প্রতিষ্ঠাতা কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে আবারও আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে। অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন। সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে। শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম।

সাবেক জাতীয় শুটার শারমিন আক্তার রত্নাকে দেওয়া হয়েছে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করবেন।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হয়েছেন দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রয়াত কিংবদন্তি হকি খেলোয়াড় আবদুস সাদেকের ছেলে ইশতিয়াক সাদেককে। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় আব্দুল মুমিন সাদ্দাম।

এদিকে কয়েকটি ফেডারেশনে আগের দায়িত্বশীলদেরই বহাল রাখা হয়েছে। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা দায়িত্বে থাকছেন। এছাড়া হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খানও নিজ নিজ পদে বহাল রয়েছেন।

AS
আরও পড়ুন