একটা সময় অলিম্পিক হকিতে ভারত ও পাকিস্তানের আধিপত্য ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে অলিম্পিক হকিতে এই দুই দলকে খুঁজে পাওয়া ভার। সর্বশেণষ ভারত ১৯৮০ সালে অলিম্পিকে সোনা জয় করেছিল। পরের আসরে জয় করেছিল পাকিস্তান। তারপর থেকে এই দুই দেশ আর ফাইনালেই উঠতে পারেনি। এখন চলছে নেদারল্যান্ডস ও জার্মানির আধিপত্য। এবারের অলিম্পিকের পুরুষ হকিতে জার্মানিকে হারিয়ে নেদারল্যান্ডস স্বর্ণ জয় করেছে। সাফল্যের সেই ধারাবাহিকতা রয়েছে নারী হকিতে। চীনকে হারিয়ে নেদারল্যান্ডস নারী অলিম্পিকের সোনা জয় করেছে।
এবারের সোনা জয়ের মাঝ দিয়ে টানা দ্বিতীয়বারের মতো নেদারল্যান্ডস নারী হকির সোনা জয় করেছে। শুধু তাই নয়, সোনা জয়ের সংখ্যায় তার এখন সবার উপরে। অস্ট্রেলিয়া তিনবার অলিম্পিকে নারী হকির সোনা জয় করেছে। আর নেদারল্যান্ডসের জয়ের সংখ্যাটা পাঁচ।
গত আসরে আর্জেন্টিনাকে ৩-১ গোলে হারিয়েছিল নেদারল্যান্ডস। এবারও একই ব্যবধানে জয় পেয়েছে তারা। চীনকে পেনাল্টিতে ৩-১ ব্যবধানে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
এদিকে স্থান নির্ধারণী খেলায় গতবারের রানার্স আপ আর্জেন্টিনা বেলজিয়ামকে হারিয়ে তৃতীয় হয়েছে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর আর্জেন্টিনা ৩-১ গোলে জয় পায়।