সেরা বন্যপ্রাণী ছবির পুরস্কার জিতলেন অস্ট্রীয় ফটোগ্রাফার

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

শিকার করা ইঁদুরকে মুখে নিয়ে খেলছে একটি আইবেরিয়ান লিংক্স—বিস্ময়কর এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬’-এর মর্যাদাপূর্ণ ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’ জিতেছেন অস্ট্রীয় ফটোগ্রাফার জোসেফ স্টেফান। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্তের ৮৫ হাজারেরও বেশি মানুষ এই ছবিটির পক্ষে ভোট দিয়েছেন।

ফটোগ্রাফার জোসেফ স্টেফান স্পেনের মধ্য অঞ্চলের তোর দে জুয়ান আবাদ এলাকায় টানা তিন দিন ছদ্মবেশে লুকিয়ে থেকে এই দুর্লভ মুহূর্তটির দেখা পান। তিনি জানান, দ্বিতীয় দিনে হঠাৎ একটি লিংক্স মুখভর্তি তাজা শিকার (একটি ইঁদুর) নিয়ে তার সামনে উপস্থিত হয়। লিংক্সটি প্রায় ১৫ থেকে ২০ মিনিট ইঁদুরটিকে বাতাসে ছুড়ে দিয়ে এবং নিপুণভাবে ধরে খেলা করে। এরপর সেটি খেয়ে বনের ভেতরে মিলিয়ে যায়।

আইবেরিয়ান লিংক্স এক সময় পৃথিবীর অন্যতম বিপন্ন স্তন্যপায়ী প্রাণী হিসেবে পরিচিত ছিল। ২০০০ সালের শুরুতে স্পেনে এদের সংখ্যা ছিল মাত্র ১০০-এর কাছাকাছি। তবে দীর্ঘমেয়াদী বন্যপ্রাণী সংরক্ষণ প্রচেষ্টার ফলে ২০২২ সাল নাগাদ এদের সংখ্যা বেড়ে ৬৪৮-এ দাঁড়িয়েছে। জোসেফ স্টেফানের মতে, এই ছবিটি কেবল একটি ভালো ফ্রেম নয়, বরং প্রকৃতি সংরক্ষণের সফলতার এক শক্তিশালী প্রতীক।

এ বছর প্রতিযোগিতার জন্য মোট ৬০,৬৩৬টি ছবি জমা পড়েছিল, যার মধ্য থেকে বিচারকরা মাত্র ২৪টি ছবিকে সংক্ষিপ্ত তালিকায় (Shortlist) জায়গা দেন। এই ২৪টি ছবির মধ্যেই চলে জনগণের ভোট।

বিজয়ীর পাশাপাশি আরও চারটি ছবি দর্শকদের মন জয় করেছে। এগুলোর মধ্যে রয়েছে নামিবিয়ার একটি অভয়ারণ্যে সূর্যাস্তের আলোয় গোলাপী ফ্লেমিঙ্গো, দুটি ভালুক ছানার কুস্তি খেলার দৃশ্য, শিংয়ে প্রতিদ্বন্দ্বীর বিচ্ছিন্ন মাথা আটকে থাকা একটি সিকা ডিয়ার এবং মায়ের সাথে বিশ্রামরত তিনটি মেরু ভালুক ছানার ছবি।

DR/AHA
আরও পড়ুন