বিল গেটস

নিয়ন্ত্রণহীন এআই কেড়ে নিতে পারে ১০০ কোটি প্রাণ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ এএম

নিয়ন্ত্রণহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবজাতির জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। এটি সঠিক সময়ে নিয়ন্ত্রণ করা না গেলে বিশ্বজুড়ে ১০০ কোটি মানুষের প্রাণহানির কারণ হতে পারে। 

এমন মারাত্মক ঝুঁকির আশঙ্কায় এআইয়ের উন্নয়ন ও ব্যবহারে সরকারি নজরদারি জরুরি বলে মনে করেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস এই উদ্বেগের কথা জানান। 

তিনি বলেন, শুধু প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নিজস্ব নীতি বা স্বনিয়ন্ত্রণের ওপর নির্ভর করে এই প্রযুক্তি নিরাপদ রাখা সম্ভব নয়। এআইয়ের নিরাপত্তা কাঠামো নির্ধারণে আইনপ্রণেতা ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সরাসরি সম্পৃক্ততা থাকা বাধ্যতামূলক করা প্রয়োজন।

বিল গেটস আরও উল্লেখ করেন, অসৎ উদ্দেশ্যে সর্বাধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করা হলে তা ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার হাতিয়ার হয়ে উঠতে পারে। 

যদিও সাধারণত মানবজাতির ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী, তবুও সম্প্রতি প্রকাশিত দীর্ঘ এক নিবন্ধসহ একাধিক সাক্ষাৎকারে এআইয়ের প্রাণঘাতী ঝুঁকি নিয়ে তিনি সতর্ক করেছেন। স্যাম অল্টম্যান ও ইলন মাস্কের মতো প্রযুক্তি নেতৃত্বও একই উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এইচএন
আরও পড়ুন