সরকারি ও সাপ্তাহিক ছুটির কারণে টানা চারদিন বন্ধ থাকার পর রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে দেশের উভয় শেয়ারবাজারে পুনরায় লেনদেন শুরু হচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সকাল ১০টা থেকে লেনদেন শুরু হবে।
ডিএসই ও সিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি এবং শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা চারদিন শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ ছিল।
টানা ছুটির আগে গত মঙ্গলবার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স (DSEX) ৫ হাজার ৪ পয়েন্টে অবস্থান করছিল। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস (DSES) ১ হাজার ৯৭ পয়েন্ট এবং বাছাইকৃত ৩০টি শেয়ারের সূচক ডিএস৩০ (DS30) ২ হাজার ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

