ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়লো

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম

জানুয়ারি ২০২৬ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা রোববার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত অনলাইনে তাদের ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি থাকায় করদাতাদের সুবিধার্থে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, নির্বাচনকালীন ছুটির পাশাপাশি পবিত্র শবে বরাতের ছুটি এবং গত ১৫ ফেব্রুয়ারি ই-চালান সিস্টেমের ওটিপি (OTP) সার্ভার সাময়িকভাবে ডাউন থাকায় অনেক করদাতা সময়মতো রিটার্ন দাখিল করতে পারেননি। করদাতাদের এই অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা থেকে মুক্তি দিতেই সময়সীমা বৃদ্ধির এই পদক্ষেপ।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এর ক্ষমতাবলে এনবিআর এই সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন নির্ধারিত তারিখ অনুযায়ী, কোনো প্রকার জরিমানা ছাড়াই ২২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ই-ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।

DR/SN
আরও পড়ুন