যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে মূল্যবান ধাতু সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড ও ফিউচারস- উভয় ক্ষেত্রেই বড় ধরনের ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, শুক্রবার বেলা ৩টা ৪১ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্সে ০.৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৩২.৪৯ ডলারে পৌঁছায়। অন্যদিকে, এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারস ১.১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৫২.৭০ ডলারে দাঁড়িয়েছে।
গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো পুনরায় স্বর্ণ মজুত শুরু করলে এবং যুক্তরাষ্ট্রে সুদের হার হ্রাস পেলে চলতি বছর সোনার দাম আরও বাড়তে পারে।
সোনার পাশাপাশি বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুর দামও। স্পট রুপার দাম ২.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০.৫৭ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের বাজারেও সোনার দাম আকাশচুম্বী। বর্তমানে দেশে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়ছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা এবং ১৮ ক্যারেট ২ লাখ ৯ হাজার ৭৭ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আরও বাড়লো সোনার দাম
