বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে চলমান চরম অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে। সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে এই বাজার অস্থিরতার চিত্র উঠে এসেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ২৫ মিনিটে যুক্তরাষ্ট্রের মানদণ্ডভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) তেলের দাম ৪.০৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৬.৭৩ ডলারে পৌঁছায়। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড (Brent Crude) তেলের দাম ৩.৬২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১০৫.৬৩ ডলারে উঠে আসে।

তেলের বাজারে এই অস্থিরতার প্রধান কারণ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ নিয়ে ইরানের অনমনীয় অবস্থান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকা পর্যন্ত তারা এই আন্তর্জাতিক জলপথটি উন্মুক্ত করবে না। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বিশাল অংশ এই পথ দিয়ে পরিবাহিত হওয়ায় এটি বন্ধ হওয়ার হুমকিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আতঙ্ক দেখা দিয়েছে।

মাঝেমধ্যে দাম কিছুটা কমলেও যুদ্ধ পুনরায় শুরু হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা না কাটায় বাজারের অস্থিরতা কাটছে না। বিনিয়োগকারীরা বর্তমানে ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’ নীতি অনুসরণ করছেন। 

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো টেকসই কূটনৈতিক সমাধান না আসা পর্যন্ত জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফেরার সম্ভাবনা খুবই কম। বর্তমান এই ভূ-রাজনৈতিক টানাপোড়েন বিশ্ব অর্থনীতিকে নতুন এক চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সরবরাহ ব্যবস্থায় সামান্যতম বিঘ্ন ঘটলে তেলের দাম অচিরেই রেকর্ড উচ্চতায় পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

FJ
আরও পড়ুন