যুদ্ধ বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

আপডেট : ১২ জুন ২০২৬, ১২:০৯ পিএম

ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলা বাতিলের সিদ্ধান্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ও জ্বালানি সংকটের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে। ফলে স্বস্তি ফিরেছে বিশ্ববাজারে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে।

আন্তর্জাতিক বাজারে শুক্রবার (১২ জুন) তেলের দাম আগের দিনের নিম্নমুখী ধারা বজায় রেখে আরও হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, ব্রেন্ট ক্রুড (Brent crude) অয়েল ফিউচার্সের দাম ব্যারেল প্রতি ১.২১ ডলার বা ১.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৯.১৭ ডলারে (০০:৪২ জিএমটি অনুযায়ী)।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১.২৩ ডলার বা ১.৪ শতাংশ কমে ৮৬.৪৮ ডলারে নেমে এসেছে।

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা প্রশমিত হওয়ার এই সপ্তাহে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের সাপ্তাহিক পতন লক্ষ্য করা গেছে। চলতি সপ্তাহে সামগ্রিকভাবে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে ৪.২ শতাংশ এবং ডব্লিউটিআই (WTI) ক্রুডের দাম কমেছে ৪.৪ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সামরিক হামলা প্রত্যাহারের সিদ্ধান্তের পর বৈশ্বিক সরবরাহ চেইন ভেঙে পড়ার ভয় কেটে গেছে, যা আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমাতে মূল ভূমিকা পালন করেছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত