ইরানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলা বাতিলের সিদ্ধান্ত এবং তেহরানের সাথে একটি ঐতিহাসিক শান্তি চুক্তি খুব কাছাকাছি রয়েছে—এমন ঘোষণার পর বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের জোয়ার এসেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ কেটে যাওয়ার এই আভাসের পর বৈশ্বিক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মাঝে দীর্ঘদিনের উদ্বেগ দূর হয়েছে, যার ফলে প্রধান সূচকগুলো লাফিয়ে বাড়ছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার ওয়াল স্ট্রিটে সূচকের রেকর্ড উত্থান ঘটে। প্রধান সূচক ‘এসঅ্যান্ডপি ৫০০’ (S&P500) প্রায় ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন শেষ করেছে। টানা তিন দিন লোকসানের পর এটিই ছিল গত এপ্রিলের পর সূচকটির সবচেয়ে বড় একক দিনের উত্থান।
একই সাথে প্রযুক্তিনির্ভর ‘নাসডাক কম্পোজিট’ (Nasdaq Composite) ২.৫ শতাংশ এবং ব্লু-চিপ খ্যাত ‘ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ’ (Dow Jones Industrial Average) ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ওয়াল স্ট্রিটের এই চাঙ্গা ভাবের ঢেউ শুক্রবার সকালে আছড়ে পড়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাজারগুলোতে। জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং এবং অস্ট্রেলিয়ার বাজারগুলো ব্যাপক লাভের মুখ দেখেছে।
চলতি বছরের সবচেয়ে সেরা পারফর্মিং সূচক দক্ষিণ কোরিয়ার ‘কোসপি’ (Kospi) শুক্রবার সকালে লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই এক ধাক্কায় ৮ শতাংশের বেশি বৃদ্ধি পায়। পাশাপাশি জাপানের বেঞ্চমার্ক সূচক ‘নিক্কেই ২২৫’ (Nikkei 225) সর্বোচ্চ ৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। এছাড়া তাইওয়ানের ‘টাইএক্স’ (TAIEX) ২.৪ শতাংশ, অস্ট্রেলিয়ার ‘এএসএক্স ২০০’ (ASX 200) ১.৮ শতাংশ এবং হংকংয়ের ‘হ্যাং সেং’ সূচক ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
যুদ্ধের শঙ্কা দূর হওয়ার প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারেও। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৯.৫০ ডলারের নিচে নেমে এসেছে। শান্তি ফিরে এলে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের এক-পঞ্চমাংশ বহনকারী গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ আবার পুরোপুরি স্বাভাবিক হবে—এমন প্রত্যাশাই তেলের বাজারকে স্থিতিশীল করছে।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, চলতি সপ্তাহের শেষেই ইরানের সাথে যুদ্ধ সমাপ্তির চুক্তি সই হতে পারে। ট্রাম্প বলেন, “আমরা ইরানের সাথে যুদ্ধের একটি চমৎকার রফাদফা করেছি... এখন কেবল নথিপত্র চূড়ান্ত করার কাজ বাকি।”
যদিও ইরান এখনো ট্রাম্পের এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চয়তা দেয়নি, তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতা স্মারক বর্তমানে তেহরানের “বিবেচনাধীন” রয়েছে।
এএনজে (ANZ) ব্যাংকের এশিয়া রিসার্চ প্রধান খুন গোহ আল জাজিরাকে বলেন, “এই চাঙ্গা ভাব স্থায়ী করতে বিনিয়োগকারীরা কেবল চুক্তি সই হওয়াই দেখতে চাইবেন না, বরং হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হওয়ার অপেক্ষায় থাকবেন। সেটি হলেই বাজার আরও ওপরে উঠবে।”
অন্যদিকে, সিডনির আইজি গ্রুপের বাজার বিশ্লেষক ফ্যাবিয়েন ইপ বলেন, “এই উত্থান ভূ-রাজনৈতিক ঝুঁকি কমার স্পষ্ট ইঙ্গিত। তাছাড়া শুক্রবারের বাজারে স্পেসএক্স (SpaceX)-এর ঐতিহাসিক লিস্টিং বা অভিষেক নিয়েও বিনিয়োগকারীদের মাঝে ব্যাপক আগ্রহ রয়েছে। গত সপ্তাহের মন্দাভাব কোনো স্থায়ী ধস ছিল না, বরং এটি ছিল বাজারের একটি সুস্থ স্বাভাবিক বিরতি, যা সামনের দিনে বাজারকে আরও দীর্ঘমেয়াদী করতে সাহায্য করবে।” সূত্র: আল জাজিরা
যুদ্ধ বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে কমলো তেলের দাম
ইরান পারমাণবিক অস্ত্র তৈরিও করবে না, কিনবেও না: ট্রাম্প
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প