ডাচ্-বাংলা ব্যাংকের এজিএমে ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৫:৪২ পিএম

ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে শেয়ার প্রতি ২৫ শতাংশ নগদ (ক্যাশ) লভ্যাংশ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান সাদিয়া রাইয়ান আহমেদ। সভার শুরুতে তিনি শেয়ারহোল্ডারদের শুভেচ্ছা জানান এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা আর্থিক বিবরণী অনুমোদনের পাশাপাশি প্রস্তাবিত ৩০ শতাংশ লভ্যাংশও অনুমোদন করেন। এ সময় তারা ব্যাংকের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত ও বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের শেষে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ হাজার ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ২০ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২৪ সালে এ পরিমাণ ছিল ৬৭ হাজার ৯৮৭ কোটি ৫৫ লাখ টাকা।

একই সময়ে ব্যাংকের ঋণ বিতরণের পরিমাণ ৫ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫ হাজার ৫০ কোটি ৩৮ লাখ টাকায় উন্নীত হয়েছে। ২০২৪ সালে এ পরিমাণ ছিল ৪২ হাজার ৮৬৮ কোটি ৯৪ লাখ টাকা।

ব্যাংকের আমানত (ডিপোজিট) ২০২৫ সালে ১৯ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৬২ হাজার ২০৫ কোটি ৭৮ লাখ টাকায় পৌঁছেছে, যা আগের বছর ছিল ৫২ হাজার ১৮৭ কোটি ২৫ লাখ টাকা।

২০২৫ সালে ব্যাংক কর-পূর্ব মুনাফা অর্জন করেছে ১ হাজার ৫৯১ কোটি ১৬ লাখ টাকা এবং কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৬৪ কোটি ৭৭ লাখ টাকা। এ সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ৯৮ পয়সা।

ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধন পর্যাপ্ততার হার (CAR) ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ১৭ দশমিক ১ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ন্যূনতম ১২ দশমিক ৫০ শতাংশের চেয়ে বেশি।

সভায় পরিচালক হিসেবে সাদিয়া রাইয়ান আহমেদ ও মো. ফখরুল ইসলামের পুনর্নিয়োগ অনুমোদন করা হয়। এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে মনজুর আহমেদ ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিয়োগ অনুমোদন করা হয়।

একই সঙ্গে ২০২৬ সালের জন্য বহিঃনিরীক্ষক হিসেবে আজিজ হালিম খায়ের চৌধুরী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস এবং করপোরেট গভর্ন্যান্স নিরীক্ষক হিসেবে হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসকে নিয়োগের অনুমোদন দেওয়া হয়।

AHA
আরও পড়ুন