কমলো সোনার দাম, ভরি কত?

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম

দাম বাড়ানোর একদিন পরই দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

শুক্রবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

একদিন আগেই ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বাড়ানো হয়েছিল ৯ হাজার ৮৫৬ টাকা। একদিনের ব্যবধানেই সেই চড়া দামে সামান্য স্বস্তি দিয়ে দাম কমাল বাজুস।

নতুন হার অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকায়।

তবে সোনার দামে পতন ঘটলেও অপরিবর্তিত রয়েছে রুপার দর। বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

YA
আরও পড়ুন