দেশের অনলাইন বাণিজ্যে কর ফাঁকি ও অনিবন্ধিত ব্যবসা শনাক্ত করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এসব প্রতিষ্ঠানের বড় অংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুককেন্দ্রিক ব্যবসাও থাকছে এই নজরদারির তালিকায়।
এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যাচাইয়ের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম, নিবন্ধন ও রাজস্বসংক্রান্ত তথ্য পরীক্ষা করা হবে।
ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানেরই বিআইএন নেই। অনেক উদ্যোক্তা আনুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনার জন্য কী ধরনের নিবন্ধন ও করসংক্রান্ত নিয়ম অনুসরণ করতে হয়, সে বিষয়েও যথেষ্ট সচেতন নন।
কর্মকর্তাদের মতে, দেশের অনলাইন বাণিজ্যের একটি বড় অংশ এখনো প্রচলিত ব্যবসায়িক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। বিশেষ করে বাসা থেকে পণ্য বিক্রি করা ক্ষুদ্র উদ্যোক্তাদের অনেকেই ব্যবসার আনুষ্ঠানিক নিবন্ধন ও কর পরিশোধের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন। কারও ক্ষেত্রে প্রয়োজনীয় সচেতনতার অভাব রয়েছে, আবার অনেক ব্যবসায়ীকে শনাক্ত করাও কঠিন হয়ে পড়ছে।
ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তা জানান, কমিশনারেটগুলোতে পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানগুলোর পরিচয় ও ব্যবসার ধরন যাচাই করা হবে। যাচাই শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে বিপুলসংখ্যক প্রতিষ্ঠানের তথ্য পরীক্ষা করতে সময় লাগতে পারে।
ই-কমার্স ও কুরিয়ার সেবা খাতের ওপর পরিচালিত একটি গবেষণার পর প্রতিষ্ঠানগুলোকে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় এ দুটি খাতকে সরকারের রাজস্ব বাড়ানোর সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
ভ্যাট কর্মকর্তাদের বিশ্লেষণ, একটি ছোট অনলাইন প্রতিষ্ঠানের দৈনিক বা মাসিক বিক্রির পরিমাণ হয়তো খুব বেশি নয়। কিন্তু এ ধরনের হাজার হাজার প্রতিষ্ঠানের সম্মিলিত লেনদেন হিসাব করলে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিধি অনেক বড় হয়ে দাঁড়ায়।
তাদের মতে, অনলাইন ব্যবসাগুলোকে আনুষ্ঠানিক অর্থনৈতিক কাঠামোয় যুক্ত করা গেলে প্রকৃত বাণিজ্যিক লেনদেনের হিসাব পাওয়া সহজ হবে। একই সঙ্গে ব্যবসার আর্থিক প্রবাহ সরকারি পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হবে। এতে রাজস্ব আহরণ বাড়ার পাশাপাশি দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির হিসাবও আরও বাস্তবসম্মত হতে পারে।
ভ্যাট বিভাগের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, এককভাবে কোনো প্রতিষ্ঠানের ব্যবসার আকার ছোট হতে পারে। কিন্তু পুরো খাতের সম্মিলিত লেনদেন বিবেচনা করলে এর আর্থিক গুরুত্ব অনেক বেশি।
এদিকে অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যের সঙ্গে ভ্যাট রিটার্নের হিসাব মিলিয়ে ২৯টি রেস্তোরাঁর বিক্রিতে উল্লেখযোগ্য অসংগতি শনাক্ত করেছে ভ্যাট প্রশাসন।
২০২৬ সালের আগস্ট মাসের জন্য নির্বাচিত রেস্তোরাঁগুলোর জমা দেওয়া ভ্যাট রিটার্ন পরীক্ষা করে এ অসংগতি পাওয়া যায়। এ ক্ষেত্রে ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন খাবার সরবরাহকারী প্ল্যাটফর্মে সংরক্ষিত বিক্রির তথ্যের সঙ্গে রেস্তোরাঁগুলোর ঘোষিত লেনদেন তুলনা করা হয়।
পর্যালোচনায় দেখা যায়, কয়েকটি রেস্তোরাঁ অনলাইন প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রির তুলনায় ভ্যাট রিটার্নে অনেক কম অঙ্কের বিক্রি দেখিয়েছে। অর্থাৎ অনলাইন মাধ্যমে তাদের যে পরিমাণ বেচাকেনার তথ্য পাওয়া গেছে, সরকারি হিসাবে ঘোষিত বিক্রির পরিমাণ তার সঙ্গে মিলছে না।
এ ধরনের ব্যবধানের কারণে রেস্তোরাঁগুলোর প্রকৃত ব্যবসায়িক লেনদেন এবং ভ্যাট পরিশোধের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হওয়া বিক্রি যথাযথভাবে ভ্যাট রিটার্নে অন্তর্ভুক্ত হচ্ছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা সামনে এসেছে।
সব মিলিয়ে, ই-কমার্স প্রতিষ্ঠান থেকে শুরু করে অনলাইন খাবার সরবরাহকারী রেস্তোরাঁ—পুরো ডিজিটাল বাণিজ্য খাতের আর্থিক কার্যক্রমের ওপর নজরদারি বাড়াতে যাচ্ছে এনবিআর। এর মাধ্যমে অনিবন্ধিত ব্যবসা শনাক্ত, ভ্যাট ব্যবস্থার আওতা সম্প্রসারণ এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকি রোধে নতুন পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।
২৪ মুসলমান হত্যার পেছনে মোদিকে খুশি করার চেষ্টা ছিলো: বাবুল
হরমুজ প্রণালি বন্ধ রাখার নির্দেশ রয়েছে: শাহরাম ইরানি
দুই স্ত্রীর ঝগড়ায় ক্ষুব্ধ হয়ে তাদের হত্যা, লাশ পুঁতে রাখলেন দুই ভাই