সরকারি পুরুষ কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ঘোষণা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

ভারতের তামিলনাড়ুতে প্রথমবারের মতো সরকারি পুরুষ কর্মচারীদের জন্য পিতৃত্বকালীন ছুটি চালুর ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সন্তান জন্মের আগে অথবা জন্মের পরবর্তী ছয় মাসের মধ্যে যেকোনো সময় ১৫ দিনের ছুটি নিতে পারবেন বাবা হতে যাওয়া পুরুষ সরকারি কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এ ঘোষণা দেন। তিনি থালাপতি বিজয় নামেও পরিচিত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মচারীরা ১৯৯৭ সাল থেকেই ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন। পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই ছুটি চালু করা হয়েছিল। এবার কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে তামিলনাড়ুতেও একই সুবিধা চালু করা হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, সন্তান জন্মের আগের ১৫ দিনের মধ্যে অথবা জন্মের পর ছয় মাসের যেকোনো সময় এই ছুটি ভোগ করতে পারবেন পুরুষ কর্মীরা। সন্তান জন্মের সময় স্ত্রীকে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া এবং নবজাতকের পরিচর্যায় বাবার অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এ বিষয়ে প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষ সরকারি কর্মীদের পক্ষ থেকে পিতৃত্বকালীন ছুটির দাবি ওঠার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সন্তান জন্মের সময় মা ও শিশুর জন্য বিশেষ যত্ন ও সহায়তা প্রয়োজন। এ সময় মাকে মানসিক ও শারীরিকভাবে সহযোগিতা করার পাশাপাশি নবজাতকের যত্নে বাবার অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, তামিলনাড়ুতে নারী সরকারি কর্মচারীরা আগে থেকেই ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি পেয়ে আসছেন।

তবে ভারতে পিতৃত্বকালীন ছুটি চালুর ক্ষেত্রে তামিলনাড়ু প্রথম রাজ্য নয়। ২০১১ সালে ওড়িশায় সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করা হয়। পশ্চিমবঙ্গে যোগ্য পুরুষ সরকারি কর্মীরা পিতৃত্বকালীন ও শিশুযত্ন মিলিয়ে ৩০ দিনের ছুটি পান।

এ ছাড়া কেরালায় সর্বোচ্চ ১০ দিনের পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে। মধ্যপ্রদেশে ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর সংশোধিত ছুটির বিধিমালা অনুযায়ী, এ ছুটির মেয়াদ ১৫ দিন। অন্যদিকে, ২০২৬ সালের সেপ্টেম্বরে আসামেও যোগ্য পুরুষ সরকারি কর্মীদের জন্য ১৪ দিনের পিতৃত্বকালীন ছুটি চালু করা হয়েছে।

এএইচএ
আরও পড়ুন