নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, বাংলাদেশের অর্থনীতির সকল সূচক ইতিবাচক থাকার কারণে শেয়ারবাজার উন্নয়নে যথেষ্ট সুযোগ রয়েছে। আর এজন্য পলিসি সাপোর্টের দিকে না তাকিয়ে সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য দরকার শক্তিশালী পুঁজিবাজার। আর উন্নয়ন ও উৎপাদন কর্মকাণ্ডে গতিশীলতা এলে বিদেশী বিনিয়োগ শেয়ারবাজারমূখী হতে উৎসাহিত হয়। দেশের শেয়ারবাজার এখন অনেক পরিণত, তাই উদীয়মান শেয়ারবাজারকে উন্নয়নের অংশীদারিত্বের ভিত্তিতে নিয়ে শেয়ারবাজারে জমে ওঠা বিপুল পরিমাণ মূলধনের একাংশ উৎপাদনশীল খাতে স্থানান্তর করে অর্থনীতির মূল স্রোতের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। এ বিষয়ে পূর্বে আপনারা যেভাবে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও আপনাদের সক্রিয় অংশগ্রহণ পুঁজিবাজারকে একটি শক্ত অবস্থানে নিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
স্টক এক্সচেঞ্জে নতুন নতুন কোম্পানির তালিকাভুক্তি ত্বরান্বিত করা এবং পুঁজিবাজার উন্নয়নে মানসম্পন্ন আইপিও আনতে সোমবার (২১ আগস্ট) মার্চেন্ট ব্যাংকারদের সাথে তালিকাভুক্তি সংক্রান্ত সমন্বয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার সভাপতিত্ব করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো.ছায়েদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম।

