আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ এএম

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বুধবার (৬ ডিসেম্বর) থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে। দেশব্যাপী এ মাসে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি হবে। টিসিবির পণ্যের তালিকায় রয়েছে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, চাল ও পেঁয়াজ। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে এ কার্যক্রম উদ্বোধন করবেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান। জুলাই মাস থেকে এ বিক্রি কার্যক্রমে টিসিবি পণ্যের সঙ্গে খাদ্য অধিদপ্তরের (খাদ্য মন্ত্রণালয়) দেওয়া চাল যুক্ত হয়েছে।

বিক্রি কার্যক্রমে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেল বা রাইস ব্র্যান তেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ৬০ টাকা এবং প্রতি কেজি চালের দাম পড়বে ৩০ টাকা। ৭০ টাকা দরে ১ কেজি চিনি এবং ৫০ টাকা দরে দেওয়া হবে ২ কেজি পেঁয়াজ। তবে চিনি ও পেঁয়াজ সব জায়গায় পাওয়া যাবে না। 

আরও পড়ুন