অর্থ প্রতিমন্ত্রী

আগামী বাজেটে অর্থনৈতিক ভারসাম্যের  দিকে নজর দেবে সরকার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:১১ এএম

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আগামী বাজেটে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের দিকে সর্বাধিক নজর দেওয়া হবে। একইসঙ্গে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটালাইজেশনে মনোযোগ বাড়াবে সরকার।

রোববার (৭ এপ্রিল) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত প্রাক্ বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ইআরএফ কার্যালয়ে আয়োজিত ‘ম্যাক্রো অর্থনীতির স্থিতিশীলতা ও পরবর্তী বাজেট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিক আয়শা খান। ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মাদ রেফায়েত উল্লাহ মীরধা।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশে নয়, বর্তমানে সারাবিশ্বেই উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এমন পরিস্থিতিতে আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের দিকে সর্বাধিক নজর দেবে সরকার। একইসঙ্গে বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও জোর দেওয়া হচ্ছে। বাজেট প্রণয়নের জন্য ইতোমধ্যে বিভিন্ন খাতের সঙ্গে আলোচনা করা হয়েছে, আগামীতে আরও হবে। সবার মতামত নিয়ে একটি যৌক্তিক বাজেট দেওয়া হবে। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে ডিজিটালাইজেশনে মনোযোগ বাড়ানো হবে।
জ্বালানি তেলের দাম প্রতি মাসে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করা হবে জানিয়ে তিনি বলেন, ফাস্ট ট্র্যাক প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের জোগানে বাড়তি নজর দেবে সরকার।
সেমিনারে অংশ নেওয়া অর্থনীতিবিদরা বলেন, গত ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটের ভূল সিদ্ধান্তের ফল এখনো ভোগ করছে জনগণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসেনি, টানা ১৮ মাস উচ্চ মূল্যস্ফীতি বইতে হচ্ছে। এ অবস্থায় আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট বাস্তবতার নিরিখে প্রণয়ন করা প্রয়োজন।

AH
আরও পড়ুন