ফল আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ০৭:১৩ পিএম

ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা তুলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এ ধরণের পণ্যে এলসি খোলার ক্ষেত্রে শতভাগ নগদ জমা রাখতে হতো। এখন থেকে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির এলসি খোলা যাবে।

রোববার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশের বৈদেশিক মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সুসংহত রাখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা সার্কুলার লেটারে কিছু বিলাসজাতীয় ও আমদানি বিকল্প পণ্যের পাশাপাশি ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতার উন্নতি হওয়ায় ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিন রাখার প্রয়োজনীয়তা কমেছে। একই সঙ্গে জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা বিবেচনায় ফলের আমদানি সহজীকরণ এবং বাজারে প্রতিযোগিতার মাধ্যমে সরবরাহ ও দাম সহনীয় পর্যায়ে রাখার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ফল আমদানির এলসি খোলার ক্ষেত্রে ১০০ শতাংশের পরিবর্তে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিনের হার নির্ধারণ করতে হবে।

তবে ২০২৪ সালের ওই সার্কুলার এবং পরবর্তী সময়ে জারি করা সংশ্লিষ্ট সার্কুলার লেটারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

—জা.অর্থনীতি/আরএস 

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত