সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা ফেরতের আবেদন শেষ আজ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ এএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা অর্থ ফেরত পাওয়ার আবেদন গ্রহণের সময়সীমা শেষ হচ্ছে আজ। আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে গ্রাহকদের আমানতের মূল টাকা (প্রিন্সিপাল অ্যামাউন্ট) ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে।

এ জন্য গ্রাহকদের নিজ নিজ ব্যাংক শাখা বা উপশাখায় গিয়ে টাকা ফেরতের আবেদন জমা দিতে হবে। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট শাখা তা ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাবে। পরবর্তী সময়ে গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে সংশ্লিষ্ট শাখায় পাঠানো হলে সেখান থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে।

সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সব শাখায় পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, ব্যক্তি আমানতকারীরা ১ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে টাকা উত্তোলনের আবেদন করতে পারবেন। আবেদন যাচাই-বাছাই শেষে ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা এককালীন উত্তোলন বা নগদায়নের সুযোগ দেওয়া হবে।

আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর, ডিপিএসসহ বিভিন্ন ধরনের হিসাব থেকে গ্রাহকেরা তাদের মূল টাকা উত্তোলন করতে পারবেন।

তবে এককালীনভাবে মূল টাকা উত্তোলন করলে এর বিপরীতে কোনো মুনাফা দেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সার্বিক কার্যক্রম স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করা যাবে।

এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলন সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

একীভূত হওয়া পাঁচ ব্যাংকে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকার আমানত রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

এদিকে, এসব ব্যাংকের মোট ঋণের প্রায় ৮৬ শতাংশই খেলাপি। ২০২৫ সালের নভেম্বরে সরকারি মালিকানায় যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত