কেন পালন করা হয় ব্যাংক হলিডে?

বুধবার বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৪:৩৯ পিএম

ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই কারণে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনো লেনদেন হবে না।

তবে গ্রাহকসেবা বন্ধ থাকলেও বাংলাদেশ ব্যাংক, সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে। এসব কার্যালয়ে অর্ধবার্ষিক হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।

প্রতি বছর ১ জুলাই ব্যাংক খাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব চূড়ান্ত করে এবং অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এই কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই দিনটিতে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ রাখা হয়।

একই দিন বুধবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বন্ধ থাকবে। কারণ পুঁজিবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নিষ্পত্তি হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারেও লেনদেন পরিচালনা করা সম্ভব হয় না।

উল্লেখ্য, প্রতিবছর ৩১ ডিসেম্বরও বার্ষিক হিসাব চূড়ান্ত ও আর্থিক প্রতিবেদন তৈরির জন্য ব্যাংক হলিডে পালন করা হয়। ওই দিনও গ্রাহক পর্যায়ের ব্যাংকিং লেনদেন এবং শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ থাকে।

AM/SN
আরও পড়ুন