বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ভারতের: জয়সওয়াল

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বিদ্যমান বহুমাত্রিক সম্পর্ককে আরও সুদৃঢ় ও গতিশীল করার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই ইতিবাচক মনোভাব তুলে ধরেন।

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন,‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন এবং প্রধানমন্ত্রী মোদীর একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। ওই সফরে দুই নেতার মধ্যে অত্যন্ত ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকও হয়েছে।’

জয়সওয়াল আরও জানান, মোদীর চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের নিরবচ্ছিন্ন সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের মধ্যে যে উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান, তার ওপর ভিত্তি করে আগামী দিনে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে ভারত অত্যন্ত আশাবাদী।

ব্রিফিংয়ে বহুল আলোচিত ভিসা কার্যক্রম নিয়ে জয়সওয়াল জানান, ভিসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে এবং দ্রুতই সব স্বাভাবিক করার চেষ্টা চলছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপড়েন তৈরি হয়েছিল, বাংলাদেশে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের এই বার্তা সেই বরফ গলার এবং নতুন এক কূটনৈতিক অধ্যায় শুরুর শক্তিশালী ইঙ্গিত।

FJ
আরও পড়ুন