রুশ প্রেসিডেন্ট

ইরানের ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে রাশিয়া 

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ এএম

ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠিয়েছেন।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে মোকাবেলা করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে।

তবে রাশিয়ার সমর্থনের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে, ১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় এই সংকটে মস্কোর কাছ থেকে তেমন কোনো বাস্তব সাহায্য পায়নি তেহরান।

রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অন্ধকারে ঠেলে দিয়েছে এবং বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে। রুশ পক্ষ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাকে 'নিষ্ঠুর' বলে বর্ণনা করেছে।

পলিটিকো জানিয়েছে, মস্কো ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ছিল, রাশিয়া যদি ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্রও ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ক্রেমলিন অবশ্য এই প্রতিবেদনকে 'ভুয়া' বলে উড়িয়ে দিয়েছে।

ইরানে হামলার ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়া ও ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি প্রকাশিত হয়েছে, তাতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই। 

রাশিয়া বারবার বলেছে, তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কো মনে করে, এটি হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে।

HN
আরও পড়ুন