রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের পঞ্চম বছরে এসে সৌদি আরবের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই চুক্তিটি ভবিষ্যতে দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিনিয়োগের ভিত্তি হিসেবে কাজ করবে।
শুক্রবার (২৭ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই এই চুক্তির কথা নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) এক অঘোষিত সফরে সৌদি আরবে পৌঁছান তিনি।
বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র উত্তজনা বাড়ায় ওয়াশিংটন তাদের সামরিক মনোযোগ ইউক্রেন থেকে সরিয়ে মধ্যপ্রাচ্যে দিতে পারে- এমন এক অনিশ্চয়তার মধ্যেই জেলেনস্কি এই সফরে এলেন।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি জানান, ইউক্রেন তাদের উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও দক্ষতা সৌদির সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। বিনিময়ে ইউক্রেন অর্থায়ন ও প্রযুক্তিগত বিনিয়োগ প্রত্যাশা করছে।
ইতোমধ্যেই কিয়েভ থেকে ২২০ জনেরও বেশি ইউক্রেনীয় সামরিক বিশেষজ্ঞকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে। এই দলে বিমান প্রতিরক্ষা বিশেষজ্ঞ এবং এসবিইউ (SBU) নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা রয়েছেন। তারা মূলত ড্রোন হামলা কীভাবে প্রতিহত করতে হয়, সে বিষয়ে সৌদি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন। ইউক্রেন দাবি করছে, পর্যাপ্ত তহবিল পেলে তারা দিনে প্রায় ২ হাজার ড্রোন বিধ্বংসী সরঞ্জাম বা ইন্টারসেপ্টর তৈরি করতে সক্ষম।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, ‘সৌদি আরবের এমন কিছু সক্ষমতা রয়েছে যা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা উভয়েই মানুষের জীবন রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এই প্রতিরক্ষা চুক্তি উভয় পক্ষের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।’
রুশ আগ্রাসন মোকাবিলায় ড্রোনের ক্রমবর্ধমান ব্যবহারের এই যুগে ইউক্রেনের এই প্রযুক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের নিরাপত্তা আরও সুসংহত করতে চায় রিয়াদ। সূত্র: রয়টার্স
রাশিয়ার হামলায় ক্ষতবিক্ষত কিয়েভ, আরও আকাশ প্রতিরক্ষা চান জেলেনস্কি
রুশ ড্রোন দিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান: জেলেনস্কি
নিরাপত্তার আইনি প্রতিশ্রুতি চান জেলেনস্কি
