বিশ্বজুড়ে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম এবং অভ্যন্তরীণ বাজারে তীব্র সংকটের মুখে নাগরিকদের বড় ধরণের স্বস্তি দিলো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য সরকার। আগামী এপ্রিল মাসজুড়ে এই রাজ্যের বাসিন্দারা বাস, ট্রেন ও ট্রামসহ সব ধরণের সরকারি গণপরিবহন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, বর্তমানে অস্ট্রেলিয়ায় জ্বালানি তেলের দাম ও সহজলভ্যতা নিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে। সংঘাত শুরুর আগের তুলনায় দেশটিতে তেলের দাম প্রায় ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে কয়েকশ পেট্রোল পাম্পে ডিজেল ও আনলেডেড পেট্রোল শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার আশা করছেন, বিনামূল্যে যাতায়াতের সুযোগ পেলে মানুষ ব্যক্তিগত গাড়ি বাড়িতে রেখে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত হবে। এতে পেট্রোল পাম্পগুলোর ওপর তেলের চাহিদার চাপ কমবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা সাশ্রয় হবে। ক্যানবেরা কর্তৃপক্ষ দাবি করেছে যে জ্বালানির সরবরাহ কমেনি, বরং মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত মজুত করায় এই সংকট তৈরি হয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার অন্য এক রাজ্য কুইন্সল্যান্ডে ২০২৪ সালের মাঝামাঝি থেকেই সব ধরণের গণপরিবহনের ভাড়া কমিয়ে মাত্র ৫০ সেন্ট (প্রায় ৪৩ টাকা) করা হয়েছে। সেটি শুরুতে পরীক্ষামূলক হলেও বিপুল জনপ্রিয়তার কারণে পরে স্থায়ী করা হয়। তবে ভিক্টোরিয়া রাজ্যের এই ‘ফ্রি রাইড’ সুবিধাটি আপাতত এপ্রিল মাসের জন্যই ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপ বাস্তবায়নে রাজ্য সরকারের খরচ হবে প্রায় ৭ কোটি অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪০ কোটি টাকা)। সূত্র: বিবিসি
দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত
