যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা নির্ভরশীল করে রাখা দেশগুলো শেষ পর্যন্ত অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বিভ্রান্তির মুখে পড়ে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি। সংযুক্ত আরব আমিরাতকে ইঙ্গিত করে তিনি বলেছেন, বাইরের শক্তির ওপর আমদানি করা নিরাপত্তারও একসময় মেয়াদ শেষ হয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে ভেলায়াতি বলেন, ঘোষণার মাধ্যমে ভূগোলের পরিবর্তন হয় না। গ্রেটার তুনব, লেসার তুনব ও আবু মুসা দ্বীপ তিনটি ইরানের ছিল এবং ইরানেরই থাকবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।
সংযুক্ত আরব আমিরাত দীর্ঘদিন ধরে দ্বীপ তিনটির মালিকানা দাবি করে আসছে। এ প্রসঙ্গে ভেলায়াতি বলেন, যে দেশের রাজনৈতিক অস্তিত্বের বয়স অর্ধশতাব্দীতেও পৌঁছায়নি, সেই দেশ জাতিসংঘের মঞ্চে এসে এমন দ্বীপগুলোর দাবি করছে, যেগুলো গত কয়েক শতকের ঐতিহাসিক নথি ও মানচিত্রে ইরানের নামেই নিবন্ধিত রয়েছে বলে তিনি দাবি করেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সংযুক্ত আরব আমিরাতের উষ্ণ অভ্যর্থনার প্রসঙ্গও টেনে আনেন ভেলায়াতি। তিনি বলেন, নেতানিয়াহুকে স্বাগত জানানোর এক সপ্তাহ পর আরবদের অধিকার ও ইসলামী সংহতির কথা বলা দাবির চেয়ে বেশি একটি স্ববিরোধিতা। কায়রো থেকে বৈরুত পর্যন্ত জনমত এই দ্বিচারিতার বিচার করছে বলেও মন্তব্য করেন তিনি।
ভেলায়াতি আরও বলেন, আঞ্চলিক অভিজ্ঞতা দেখিয়েছে যে বাইরে থেকে আমদানি করা নিরাপত্তারও একটি মেয়াদ থাকে। সূত্র: ডন
আইআরজিসি দুর্বল হয়ে পড়ছে: নেতানিয়াহু
ইরান যুদ্ধ থেকে ট্রাম্পের শিক্ষা নিতে হবে: আইআরজিসি