কিউবায় ২ হাজারের অধিক বন্দির মুক্তি প্রক্রিয়া শুরু

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১১:২২ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচণ্ড চাপের মুখে থাকা কিউবা সরকার এক বড় ধরণের নমনীয়তার সংকেত দিয়েছে। পবিত্র ‘ইস্টার’ সপ্তাহ উপলক্ষে দেশজুড়ে ২ হাজার ১০ জন বন্দিকে সাধারণ ক্ষমা প্রদানের ঘোষণা দিয়েছে হাভানা। 

শুক্রবার (৩ এপ্রিল) থেকে এই মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি কিউবার দ্বিতীয় দফার বন্দি মুক্তি।

শুক্রবার সকালে পূর্ব হাভানার ‘লা লিমা’ কারাগার থেকে ২০ জনেরও বেশি বন্দি মুক্তির কাগজ হাতে বেরিয়ে আসেন। দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সদস্যদের দেখা পেয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন এবং একে অপরকে জড়িয়ে ধরেন। আলবিস গাইনজা নামে এক মুক্ত হওয়া ব্যক্তি এএফপি-কে বলেন, ‘এই সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। আমরা চাই এই প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং আরও মানুষ মুক্তি পাক।’

বিশ্লেষকরা বলছেন, এই গণ-মুক্তির ঘটনাটি কাকতালীয় নয়। মাত্র কয়েক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর থাকা জ্বালানি তেলের অবরোধ সাময়িকভাবে শিথিল করেন এবং একটি রুশ তেলবাহী ট্যাঙ্কারকে কিউবার বন্দরে নোঙর করার অনুমতি দেন। তীব্র জ্বালানি সংকটে ধুঁকতে থাকা কিউবার জন্য এটি ছিল এক বিশাল স্বস্তি। এর ঠিক পরেই বন্দি মুক্তির এই ঘোষণা এল।

দীর্ঘদিন ধরেই কিউবায় রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসছিল ওয়াশিংটন। মায়ামি বিশ্ববিদ্যালয়ের কিউবা বিশেষজ্ঞ মাইকেল বুস্তামান্তে মনে করেন, দুই দেশের সরকারের মধ্যে পর্দার আড়ালে আলোচনা হয়তো ধীরগতিতে হলেও এগোচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবার শাসনব্যবস্থা পরিবর্তনের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘সরকার পদ্ধতি পরিবর্তন না করলে কিউবার অর্থনৈতিক দুর্দশা ঘুচবে না।’

কিউবা সরকার জানিয়েছে, মানবিক কারণে এবং জেলের ভেতর ভালো আচরণের ভিত্তিতে এই ২ হাজার ১০ জনকে মুক্তি দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে তরুণ, নারী এবং ৬০ বছরের বেশি বয়সী বন্দি। তবে হত্যা, যৌন নির্যাতন, মাদক পাচার এবং রাষ্ট্রবিরোধী অপরাধে জড়িতদের এই ক্ষমার আওতায় আনা হয়নি।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভ্যাটিকানের মধ্যস্থতায় ৫১ জন বন্দিকে মুক্তি দিয়েছিল কিউবা। এবার আরও বড় পরিসরে বন্দি মুক্তির মাধ্যমে কিউবা মূলত বিশ্ববাসীর কাছে এক ‘মানবিক’ ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছে।

NB/
আরও পড়ুন
সর্বশেষপঠিত