এক রাতের সামরিক অভিযানেই ইরানকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের এই হুঁশিয়ারি বাস্তবায়ন করতে মঙ্গলবারকেই লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করেছেন তিনি। আজ হোয়াইট হাউসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই চরম বার্তা দেন।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
মূলত ইরানে আটকে পড়া মার্কিন বিমানবাহিনীর সদস্যদের উদ্ধারে পরিচালিত একটি বিশেষ অভিযানের বিষয়ে বিস্তারিত জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তব্যের শুরুতে ট্রাম্প মার্কিন সেনাদের উদ্ধার অভিযানকে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘আমাদের সাহসী যোদ্ধাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনতে আমি মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিলাম।’
এই সফল অভিযানে মোট ২১টি মার্কিন সামরিক উড়োজাহাজ অংশ নিয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেন।
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পরিস্থিতির মূল্যায়ন করতে গিয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’।
ইরানকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো দেশটিকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তার ভাষায়, ‘এক রাতেই পুরো দেশটিকে (ইরান) নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। আর আগামীকাল রাতেই সেটা হতে পারে।’
সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।
চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধীদলীয় নেত্রী
