এক নাটকীয় ঘোষণায় ইরানের ওপর পরিকল্পিত ভয়াবহ হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। খবর আলজাজিরার।
বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আজ রাতে ইরানের ওপর আমাদের যে ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা ছিল, তা স্থগিত রাখার অনুরোধ করেছেন। তাদের অনুরোধের প্রেক্ষিতে এবং ইরান অবিলম্বে ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ ও নিরাপদে খুলে দিতে রাজি হওয়ার শর্তে, আমি আগামী দুই সপ্তাহ হামলা স্থগিত রাখতে রাজি হয়েছি।
ট্রাম্পের এই ঘোষণার পেছনে রয়েছে একটি বড় কূটনৈতিক অগ্রগতি। তিনি জানান, ইরান থেকে একটি ১০ দফার শান্তি প্রস্তাব এসেছে, যা একটি কার্যকর সমঝোতার ভিত্তি হতে পারে।
ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তার সামরিক লক্ষ্যমাত্রা অর্জন ও অতিক্রম করেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বিরোধপূর্ণ প্রায় সব পয়েন্টেই একমত হওয়া গেছে। এই দুই সপ্তাহ সময় নেওয়া হয়েছে চুক্তিটি চূড়ান্ত ও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করার জন্য।
প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন যে, এটি একটি ‘ডাবল সাইডেড’ বা দ্বিমুখী যুদ্ধবিরতি হবে। তিনি একে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধিত্ব করে এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের দ্বারপ্রান্তে পৌঁছানো আমার জন্য সম্মানের।
উল্লেখ্য, বুধবার (৮ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের শেষ দিন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, আজ রাতের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ভয়াবহ হামলা চালানো হবে। ট্রাম্পের এই আকস্মিক ও ইতিবাচক সিদ্ধান্তে বিশ্বজুড়ে চলা যুদ্ধের উত্তেজনা আপাতত প্রশমিত হলো। এখন সবার নজর আগামী দুই সপ্তাহের কূটনৈতিক আলোচনার দিকে।
ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন সেতু উড়িয়ে দেওয়ার হুমকি দিলো মস্কো
