লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

লিবিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী তাহের আল-বাউরকে বৈদেশিক প্রতিনিধিত্ব-সম্পর্কিত সমস্ত দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে দেশটির প্রেসিডেন্সিয়াল কাউন্সিল। দেশের সার্বভৌম প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা এবং পররাষ্ট্রনীতির নিয়ন্ত্রণ নিয়ে অভ্যন্তরীণ উত্তেজনা বৃদ্ধির জের ধরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) ‘মিডল ইস্ট অনলাইন’ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী আবদুলহামিদ দ্বেইবাহকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে কাউন্সিল জানিয়েছে, তাহের আল-বাউর এখন থেকে রাষ্ট্রের পক্ষে কোনো কূটনৈতিক কার্যক্রম বা সার্বভৌম প্রকৃতির কাজ পরিচালনা করতে পারবেন না। কাউন্সিলের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক দায়িত্বগুলো অন্যায়ভাবে বৈদেশিক যোগাযোগ ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে প্রসারিত করা হয়েছিল, যা আইনি ক্ষমতার সীমা লঙ্ঘন এবং আনুষ্ঠানিকভাবে নিযুক্ত মন্ত্রীদের সংরক্ষিত ক্ষমতার ওপর হস্তক্ষেপ।

জেনেভায় লিবিয়ান পলিটিক্যাল ডায়ালগ ফোরামের কাঠামোর কথা উল্লেখ করে কাউন্সিল জোর দিয়ে বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ অবশ্যই আলোচনার ভিত্তিতে হতে হবে, একতরফাভাবে নয়। যথাযথ আইনি কর্তৃত্ব ছাড়া কূটনৈতিক যোগাযোগ পরিচালনা করলে আন্তর্জাতিক মহলে লিবিয়ার পররাষ্ট্রনীতি নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।  সূত্র: মিডল ইস্ট অনলাইন

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত