বাঘের গালিবাফ

ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত শান্তি ফিরবে না

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০২:২০ এএম

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, ইসরায়েলের অব্যাহত যুদ্ধংদেহী মনোভাব এবং মার্কিন নেতৃত্বাধীন নৌ-অবরোধ বর্তমান পরিস্থিতিকে চরম উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে। 

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করেন, নৌ-অবরোধ বহাল রেখে শান্তি ফেরানো বা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করা সম্ভব নয়।

গালিবাফ জানান, মার্কিন নেতৃত্বাধীন নৌ-অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তিকে সরাসরি লঙ্ঘন করছে। এটি কেবল সামরিক আগ্রাসন নয়, বরং বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার একটি প্রক্রিয়া। 

তিনি জোর দিয়ে বলেন, একটি পূর্ণাঙ্গ ও অর্থবহ যুদ্ধবিরতি তখনই সম্ভব, যখন সব ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হবে এবং নৌ-চলাচলে বাধা দূর হবে।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি ও পণ্য পরিবহন স্বাভাবিক করার বিষয়ে প্রভাবশালী এই নেতা বলেন, প্রকাশ্য যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অবরোধ বজায় রেখে এই প্রণালি উন্মুক্ত করা অসম্ভব। 

তিনি সাফ জানিয়ে দেন, সামরিক চাপ বা অবরোধের মুখে ইরান কখনোই নতি স্বীকার করবে না। বরং ইরানের জনগণের ন্যায্য অধিকার মেনে নেওয়াই বর্তমান সংকটের একমাত্র সমাধান।

এদিকে সিএনএন-এর সূত্রমতে, কূটনৈতিক আলোচনা সচল করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়ার পরিকল্পনা করছেন। 

ট্রাম্প চান ইরান একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসুক। তবে ওয়াশিংটনের এই বার্তা তেহরানের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নৌ-অবরোধ ও হরমুজ প্রণালির অচলাবস্থাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিদ্যমান এই উত্তেজনা নিরসনে নতুন কোনো কূটনৈতিক প্রচেষ্টা কার্যকর হয় কি না, এখন সেটিই দেখার বিষয়।

HN
আরও পড়ুন