৩টি ইরানি সুপারট্যাংকার জব্দ করেছে মার্কিন বাহিনী

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পিএম

ইরানের ওপর মার্কিন অবরোধ কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ভারত মহাসাগর থেকে দেশটির পতাকাবাহী তিনটি তেলবাহী সুপারট্যাংকার জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)। আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ এবং মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

জব্দ করা জাহাজ তিনটির নাম- ‘ডিপ সি’, ‘সেভিন’ এবং ‘দোরেনা’। বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্র্যাফিক’-এর তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের এমন একটি এলাকা থেকে জাহাজগুলো জব্দ করা হয়েছে, যা ভারত, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার জলসীমার নিকটবর্তী।

জব্দ করা দোরেনা ট্যাংকারটি পুরোপুরি তেলবোঝাই ছিল। জব্দের পর এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। তিন দিন আগে এটিকে ভারতীয় উপকূলে দেখা গিয়েছিল।

সেভিন জাহাজে প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার ৬৫ শতাংশ। এক মাস আগে এটিকে মালয়েশিয়া উপকূলে শনাক্ত করা হয়েছিল।

এছাড়া ডিপ সি একটি ইরানি সুপারট্যাংকার। জব্দের সময় এটি আংশিক তেলপূর্ণ ছিল। গত সপ্তাহে এটি মালয়েশিয়া উপকূলে অবস্থান করছিল।

গত ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হয়। এর ঠিক পরদিন অর্থাৎ ১২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ জারির ঘোষণা দেন। মূলত ইরানের জ্বালানি রপ্তানি শূন্যে নামিয়ে আনতেই এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

সেন্টকমের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অবরোধ ঘোষণা করার পর থেকে এ পর্যন্ত ইরানি বন্দর ছেড়ে আসা অন্তত ২৯টি জাহাজ ও নৌযানকে মাঝ সমুদ্র থেকে পুনরায় বন্দরে ফেরত পাঠাতে বাধ্য করেছে মার্কিন বাহিনী। সূত্র : রয়টার্স

FJ
আরও পড়ুন