ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের একাধিক সরকারি সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর ভাষ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।
এর আগে শুক্রবার সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন। উভয় পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি, সম্ভাব্য যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরান সম্পৃক্ততার প্রেক্ষাপটে চলমান কূটনৈতিক তৎপরতা নিয়ে আলোচনা হয়। এ সময় ইসহাক দার ধারাবাহিক সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে, আরাগচি পাকিস্তানের ‘ধারাবাহিক ও গঠনমূলক মধ্যস্থতাকারীর ভূমিকা’র প্রশংসা করেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আরাগচি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথেও পৃথকভাবে ফোনে কথা বলেছেন। তবে এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা আইএসপিআর আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।ব্রেকিং নিউজ
উল্লেখ্য, গত ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রায় ২১ ঘণ্টাব্যাপী বৈঠক হলেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এরপর দ্বিতীয় দফার বৈঠকের জন্য পাকিস্তানসহ বিভিন্ন দেশ মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দ্বিতীয় দফার বৈঠক ঘিরে চলতি সপ্তাহের শুরু থেকেই ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানীর দুটি হোটেলও প্রস্তুত রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে এখনো আলোচনায় বসতে সম্মতি দেয়নি ইরান।
এদিকে, সম্ভাব্য বৈঠকের প্রস্তুতির অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে অন্তত নয়টি মার্কিন বিমান যোগাযোগ সরঞ্জাম, যানবাহন, নিরাপত্তাকর্মী ও কারিগরি জনবল নিয়ে ইসলামাবাদে পৌঁছেছে বলে জানা গেছে। সূত্র: আল জাজিরা
