ইরানি তেল কেনায় চীনা শোধনাগারে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পিএম

ইরানের তেল বাণিজ্যের রাশ টেনে ধরতে এবার চীনের একটি বড় ‘টিপট’ রিফাইনারির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ এপ্রিল) ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। দ্য জেরুজালেম পোস্টের বরাতে জানা গেছে, তেহরানের ওপর মার্কিন চাপ অব্যাহত রাখার কৌশলী অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মার্কিন ট্রেজারি বিভাগের অভিযোগের তীর এবার চীনের ‘হেংগলি পেট্রোকেমিক্যাল রিফাইনারি’র দিকে। ওয়াশিংটনের দাবি, প্রতিষ্ঠানটি ইরানের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে কোটি কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করেছে। কেবল রিফাইনারিই নয়, ইরানের তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন জাহাজ বহরের নেটওয়ার্ক ধূলিসাৎ করতে আরও কঠোর হয়েছে মার্কিন অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)। এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রায় ৪০টি শিপিং কোম্পানি ও জাহাজের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই আকস্মিক পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞাকে ‘একতরফা ও অবৈধ’ বলে আখ্যা দিয়েছে। বেইজিংয়ের দাবি, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক গতিকে বাধাগ্রস্ত করছে। বাণিজ্যিক ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করতেও ট্রাম্প প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে চীন।

উল্লেখ্য, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখার দায়ে চীনের টিপট রিফাইনারিগুলোর ওপর মার্কিন খড়্গ এই প্রথম নয়। এর আগে হেবেই সিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শোগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যালও ওয়াশিংটনের কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। নতুন এই নিষেধাজ্ঞার ফলে দুই পরাশক্তির মধ্যকার বাণিজ্যিক ও কূটনৈতিক স্নায়ুযুদ্ধ আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

AS/AHA
আরও পড়ুন