পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় এসে তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার (২৫ এপ্রিল) এক জনসভা থেকে তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করছেন না বলেই তাঁকে কোনো কেন্দ্রীয় তদন্ত বা মামলার মুখে পড়তে হয় না।
রাহুল গান্ধী বলেন, আমার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। ভারতের বিভিন্ন প্রান্তে আমাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হয়। ইডি আমাকে টানা পাঁচ দিন ধরে ৫৫ ঘণ্টা জেরা করেছে। কিন্তু মমতাজির বিরুদ্ধে মোদিজি কটা মামলা করেছেন? তাঁকে কত ঘণ্টা জেরা করা হয়েছে?"
রাহুল আরও দাবি করেন, নরেন্দ্র মোদি কেবল ভোটের সময় লোকদেখানো আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর ভাষ্যমতে, নির্বাচন শেষ হলে মোদিজি আর মমতাজিকে নিয়ে কিছুই বলবেন না। তিনি জানেন, ভারতে একমাত্র কংগ্রেসই বিজেপির সঙ্গে সরাসরি লড়াই করছে।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেকারত্ব এবং সাধারণ মানুষের নিরাপত্তা ইস্যু নিয়ে তৃণমূলের সমালোচনা করার পাশাপাশি বামপন্থিদের বিরুদ্ধেও তোপ দাগেন তিনি। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে বিজেপিকে রুখতে কংগ্রেসকে শক্তিশালী করার আহ্বান জানান।
