দীর্ঘ সময় আকাশপথে ভ্রমণের ধকলের কথা বিবেচনায় নিয়ে পাকিস্তানে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পরিকল্পিত সফর বাতিল করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) ফ্লোরিডায় এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানি প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের জন্য ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তাঁর জামাতা জ্যারেড কুশনারের ইসলামাবাদ যাওয়ার কথা ছিল। সফর বাতিলের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, 'একটি সাধারণ নথির জন্য আমরা বারবার উড়োজাহাজে ১৫ ঘণ্টা করে যাওয়া-আসা করতে পারি না; যা খুব একটা কার্যকরও নয়। তাই আমরা এখন থেকে টেলিফোনে যোগাযোগ করবো। ইরান চাইলে যেকোনো সময় আমাদের ফোন করতে পারে।'
ট্রাম্প মনে করেন, সরাসরি সফরের পরিবর্তে টেলিফোনে আলাপ করার সিদ্ধান্তটি উভয় পক্ষের জন্যই সহজ ও সময়সাশ্রয়ী হবে। তিনি আরও বলেন, ইরানিদের সঙ্গে আলোচনার জন্য এই মুহূর্তে দীর্ঘ ভ্রমণের কোনো প্রয়োজন নেই।
ভ্রমণের ধকলের পাশাপাশি ইরানের নেতৃত্ব নিয়ে নিজের পুরোনো সংশয় আবার প্রকাশ করেন ট্রাম্প। তিনি দাবি করেন, 'ইরানের নেতৃত্বের মধ্যে এক ধরনের সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তা কাজ করছে, যা আলোচনা প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।' মূলত এই অনিশ্চয়তার কারণেই সশরীরে উপস্থিত হয়ে আলোচনার আগ্রহ হারিয়েছে ওয়াশিংটন।
পাকিস্তান সফর বাতিল মানেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়