মালিতে হামলার দায় স্বীকার আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোসহ দেশের গুরুত্বপূর্ণ পাঁচটি শহরে একযোগে সমন্বিত হামলা চালিয়েছে উগ্রপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা। শনিবারের এই রক্তক্ষয়ী হামলাকে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে ঘটে যাওয়া সবচেয়ে বড় ও সুসংগঠিত জঙ্গি আক্রমণ হিসেবে অভিহিত করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী বামাকোর আন্তর্জাতিক বিমানবন্দর এবং মধ্য-উত্তরের চারটি শহরে চালানো এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট দুর্ধর্ষ জঙ্গিগোষ্ঠী ‘জেএনআইএম’ (JNIM)। তারা জানিয়েছে, তুয়ারেগ নেতৃত্বাধীন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘আজাওয়াদ লিবারেশন ফ্রন্ট’-এর সঙ্গে যৌথভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানী বামাকো শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত মোদিবো কেইতা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দীর্ঘ সময় ধরে ভারী অস্ত্র ও স্বয়ংক্রিয় রাইফেলের বিকট শব্দ শোনা গেছে। এ সময় বিমানবন্দরের ওপর দিয়ে সামরিক হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। জঙ্গিরা মূলত সামরিক ঘাঁটি এবং সরকারি স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই অতর্কিত হামলা চালায়।

মালির সেনাবাহিনী এক জরুরি বিবৃতিতে জানিয়েছে, রাজধানী বামাকোতে কিছু নির্দিষ্ট স্থান ও ব্যারাকে হামলা চালিয়েছিল অজ্ঞাত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো। পরে সেনাবাহিনী তাদের নির্মূল করতে বড় ধরণের পাল্টা অভিযান শুরু করে। পরবর্তী এক বিবৃতিতে তারা দাবি করেছে যে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

দীর্ঘদিন ধরেই মালিতে সরকারি বাহিনীর সাথে উগ্রপন্থী ইসলামপন্থী ও উত্তর ভিত্তিক বিচ্ছিন্নতাবাদীদের সংঘাত চলছে। তবে এবারের হামলায় আল-কায়েদা এবং তুয়ারেগ বিদ্রোহীদের এই অভূতপূর্ব ঐক্য মালির জান্তা সরকারের জন্য বড় ধরণের নিরাপত্তা ঝুঁকি তৈরি করল বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। সূত্র: সিএনএন।

FJ
আরও পড়ুন