ইরানের প্রস্তাব পর্যালোচনায় ট্রাম্প ও মার্কিন নীতিনির্ধারকরা: হোয়াইট হাউস

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ এএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া একটি বিশেষ প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শীর্ষ নীতিনির্ধারকরা এই প্রস্তাবটি খতিয়ে দেখছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেছেন। বৈঠকে তেহরানের পাঠানো প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

হরমুজ প্রণালি সচল করা এবং যুদ্ধবিরতির বদলে ইরান একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে। তেহরানের দাবি—তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান বিতর্কিত আলোচনাগুলো এই মুহূর্তে বন্ধ রেখে ভবিষ্যতের জন্য স্থগিত রাখতে হবে। অর্থাৎ, পারমাণবিক ইস্যুতে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছে না ইরান।

ইরানের এই প্রস্তাব আলোচনার টেবিলে থাকলেও ডোনাল্ড ট্রাম্প তার পুরোনো অবস্থানে অনড় রয়েছেন। মুখপাত্র লেভিট স্পষ্ট করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই পরিষ্কার করে জানিয়েছেন যে, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ইরানের বিষয়ে প্রেসিডেন্টের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমাগুলো অত্যন্ত স্পষ্টভাবে নির্ধারিত।

হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ সচল করার বিনিময়ে পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় আদায়ের চেষ্টা করছে ইরান। তবে ট্রাম্প প্রশাসন এই শর্ত মেনে নিয়ে কোনো সমঝোতায় আসবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে।

YA
আরও পড়ুন