তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, সমাধান মিলবে কি

আপডেট : ০১ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনা নিরসনে তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা এক গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নিয়েছেন। 

শুক্রবার (১ মে) এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রের বরাতে নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চলমান কূটনৈতিক প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই নেতা এ অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত পোষণ করেন।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের কাছে একটি নতুন ও সংশোধিত প্রস্তাব জমা দিয়েছে ইরান। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছিল। 

সূত্র বলছে, তেহরান যুদ্ধের স্থায়ী সমাধান এবং নিজেদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক উদ্যোগ আরও জোরদার করছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে কঠোর হুঁশিয়ারি ও পাল্টাপাল্টি বার্তা বিনিময় বন্ধ হয়নি।

গত ৮ এপ্রিল পাকিস্তানের ঐকান্তিক প্রচেষ্টায় ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ইসলামাবাদে শান্তি আলোচনাও অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে সেই যুদ্ধবিরতি বহাল থাকলেও একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছাতে বিশ্বের প্রভাবশালী দেশগুলো জোর তৎপরতা চালাচ্ছে।

পাকিস্তান এই সংকটে দুই পক্ষের মধ্যে প্রস্তাব আদান-প্রদানের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে। তবে পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে বড় ধরণের মতপার্থক্য এখনো বিদ্যমান।

FJ
আরও পড়ুন