আরব আমিরাত উপকূলে হামলার শিকার তেলবাহী জাহাজ

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:০৮ পিএম

সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৪ মে) একটি অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র সদৃশ বস্তু জাহাজটিতে আঘাত হানে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ‘একটি ট্যাংকার অজ্ঞাত প্রজেক্টাইলের হামলার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে জাহাজের নাবিকরা নিরাপদ আছেন।’

সংস্থাটি আরও জানায়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহর থেকে ৭৮ নটিক্যাল মাইল উত্তরে ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ ইতোমধ্যে হামলার তদন্ত শুরু করেছে। এই পরিস্থিতিতে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী সব জাহাজকে ‘সতর্ক থাকার’ আহ্বান জানিয়েছে সংস্থাটি।

মধ্যপ্রাচ্য যুদ্ধে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় এখনও অচলাবস্থা কাটেনি।

ইরান কৌশলগত হরমুজ প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর নৌ অবরোধ আরোপ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার জানান, যুক্তরাষ্ট্র সোমবার থেকে প্রণালীর মধ্য দিয়ে চলাচল করা জাহাজগুলোকে নিরাপত্তাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই অভিযানে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, স্থল ও সমুদ্রভিত্তিক ১শ’টিরও বেশি বিমান; স্থল, সমুদ্র ও আকাশে ব্যবহারযোগ্য চালকবিহীন যান এবং ১৫ হাজার সেনাসদস্য মোতায়েন করা হবে।

YA
আরও পড়ুন