হিজবুল্লাহর ২৫ লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা

আপডেট : ০৬ মে ২০২৬, ১২:৪৭ পিএম

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট ২৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই হামলায় বেশ কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং তাদের সামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো বেশ কয়েকটি ভবনে আঘাত হেনেছে যেখানে হিজবুল্লাহ যোদ্ধারা সক্রিয় ছিল। ধ্বংস করা লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি অস্ত্রাগার এবং অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। এছাড়া ইসরায়েলি বাহিনী আকাশপথে আসা একটি ‘সন্দেহভাজন লক্ষ্যবস্তু’ ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে, হিজবুল্লাহর পক্ষ থেকে রকেট, ড্রোন ও মর্টার হামলা চালানো হলেও তাতে কোনো ইসরায়েলি সেনা হতাহত হয়নি বলে জানানো হয়েছে। তবে ইসরায়েলি বাহিনী তাদের এসব দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেয়নি।

গত ২ মার্চ লেবাননে ইসরায়েলি স্থল অভিযান ও ব্যাপক আক্রমণের পর থেকে পরিস্থিতির চরম অবনতি হয়েছে। দক্ষিণ লেবাননের অসংখ্য শহর ও গ্রাম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২,৭০০ মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকও রয়েছেন। রাজধানী বৈরুতেও ইসরায়েলি হামলায় কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও কার্যত শান্তি ফিরে আসেনি। ইসরায়েলি অধিকৃত লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত ও রক্তক্ষয় অব্যাহত রয়েছে।
সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন