বিদেশি কূটনীতিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার নির্দেশ রাশিয়ার

আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:৪৯ পিএম

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের ‘বিজয় দিবস’ উদযাপন ঘিরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংঘাত এক চরম ও বিপজ্জনক মোড় নিয়েছে। কিয়েভে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন ও কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে মস্কো। রাশিয়ার হুঁশিয়ারি বিজয় দিবসে ইউক্রেন হামলার চেষ্টা করলে ইউক্রেনের রাজধানী কিয়েভে নজিরবিহীন ‘পাল্টা হামলা’ চালানো হবে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা একটি ভিডিও বার্তায় এই কড়া হুঁশিয়ারি দেন। তিনি জানান, ৯ মে মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক সামরিক প্যারেড ও বিজয় দিবস উৎসবকে ভণ্ডুল করতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘আক্রমণাত্মক ও হুমকিমূলক’ বক্তব্য দিয়েছেন।

জাখারোভা বিভিন্ন দেশের কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনীর অনিবার্য ও ভয়াবহ পাল্টা হামলার মুখে আপনাদের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করতে কিয়েভ শহর থেকে তাদের দ্রুত ও অবিলম্বে সরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে। বিষয়টি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করুন।’

অন্যদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ড্রোন হামলার আতঙ্কে এবার রাশিয়া তাদের বিজয় দিবসের অনুষ্ঠানে বড় কোনো সামরিক সরঞ্জাম প্রদর্শন করতে পারছে না। তিনি আরও অভিযোগ করেন, মস্কোর আকাশ রক্ষায় রাশিয়া দেশের অন্যান্য অঞ্চল থেকে এয়ার ডিফেন্স সিস্টেম সরিয়ে এনেছে, যা ইউক্রেনের জন্য রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার নতুন সুযোগ তৈরি করেছে।

বিজয় দিবস উপলক্ষে দুই দেশই পৃথকভাবে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সংঘাতের এই নতুন উত্তেজনায় কিয়েভে থাকা বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত