বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানের ওপর চলমান আগ্রাসনের হুমকি বন্ধ হলে তারা এই কৌশলগত জলপথটি উন্মুক্ত করে দিতে পারে।
বুধবার (৬ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
আইআরজিসি-র বিবৃতিতে জানানো হয়, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি ‘নতুন ব্যবস্থার’ আওতায় হরমুজ প্রণালিতে স্থায়ী ও নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে উদ্যোগ নেবে তাদের নৌবাহিনী। যদিও এই নতুন ব্যবস্থার ধরন বা শর্তাবলি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। পাশাপাশি, যুদ্ধের এই কঠিন সময়ে ইরানের বেঁধে দেওয়া নিয়ম মেনে জাহাজ চলাচল করায় বিভিন্ন দেশের জাহাজ মালিকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছে তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ ঘোষণার পরই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক বার্তা এলো। সম্প্রতি ট্রাম্প হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক প্রকল্প সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন।
এদিকে, হরমুজ প্রণালি খুলে দেওয়া বা কোনো ধরণের সমঝোতার বিষয়ে সংশয় প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, কোনো যুদ্ধবিরতি বা গোপন চুক্তির বিষয়ে তাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। বরং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা মনে করছে যে, সংঘাত যেকোনো সময় আরও ভয়াবহ রূপ নিতে পারে।
গত কয়েক মাস ধরে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ব তেলের বাজারে চরম অস্থিরতা বিরাজ করছে। এই পথটি পুনরায় সচল হলে বিশ্ব অর্থনীতি বড় ধরণের বিপর্যয় থেকে রক্ষা পাবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।
হরমুজে আটকা পড়া জাহাজগুলোকে সহায়তা দেবে ইরান
ইরানের নিয়ন্ত্রণেই থাকবে হরমুজ প্রণালি, বিদেশি সেনাদের অঞ্চল ছাড়ার আহ্বান
যুদ্ধ শেষ করতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান