হরমুজ প্রণালি সচল রাখতে একজোট হওয়ার ডাক দিলো ন্যাটো

আপডেট : ২৩ মে ২০২৬, ০১:৫৯ পিএম

সুইডেনে অনুষ্ঠিত ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ মন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল শুক্রবার সমাপ্ত হয়েছে। আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে যাওয়া 'আঙ্কারা সামিট' বা আঙ্কারা শীর্ষ সম্মেলনের আগে এই সামরিক জোটের মূল নিরাপত্তা লক্ষ্যগুলো চূড়ান্ত করতেই মূলত এই বৈঠকের আয়োজন করা হয়।

সদস্য দেশগুলোর সামরিক শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং মোট জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি এবারের আলোচনায় প্রধান্য পায়। তবে এর পাশাপাশি ইরান পরিস্থিতি এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির অবরুদ্ধ দশা নিয়ে ন্যাটোর নীতিনির্ধারকদের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ইরান সংকটের তীব্র সমালোচনা করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে দিয়ে ইরান মূলত বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, এই প্রণালিটি যাতে আন্তর্জাতিক পণ্য ও জ্বালানি পরিবহনের জন্য উন্মুক্ত রাখা যায়, তা নিশ্চিত করতে বিশ্বের দেশগুলোর এখন একজোট হওয়া প্রয়োজন। প্রয়োজনে ওই অঞ্চলে জরুরি সামরিক ও কৌশলগত সরঞ্জাম মোতায়েন করার পরিকল্পনা নিয়েও দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে খোদ ওয়াশিংটন এবং তাদের বেশ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক ফাটল বা মতবিরোধও এই সম্মেলনে প্রকাশ্য রূপ নিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ন্যাটোর মিত্ররা সবাই একমত যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।

তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ট্রাম্প প্রশাসন যখন এই বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছিল, তখন খুব কম দেশই এগিয়ে এসেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিশেষ করে স্পেনের তীব্র সমালোচনা করেন। কারণ, ইরান সংঘাতের সাথে সম্পর্কিত সামরিক অভিযানের জন্য স্পেনের অভ্যন্তরীণ সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করার যে অনুমতি মার্কিন বাহিনী চেয়েছিল, স্পেন তা দিতে সরাসরি প্রত্যাখ্যান করেছে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত