যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চুক্তিটি এখনো চূড়ান্ত হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এই মুহূর্তে আলোচনার টেবিলে একটি "বেশ সুসংহত" প্রস্তাব রয়েছে।
ভারত সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হলো—ইরানের পক্ষ থেকে ‘হরমুজ প্রণালি’ উন্মুক্ত করার সক্ষমতা তৈরি এবং একই সাথে পারমাণবিক বিষয়ে অত্যন্ত বাস্তবসম্মত, তাৎপর্যপূর্ণ ও সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে একটি নিবিড় আলোচনায় প্রবেশ করা।
প্রস্তাবিত এই সমঝোতার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মার্কো রুবিও বলেন, আশা করি আমরা এটি সফলভাবে সম্পন্ন করতে পারব। পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এর ব্যাপক সমর্থন রয়েছে এবং বৈশ্বিকভাবেও এটি বিপুল সমর্থন পাচ্ছে। আমরা যে দেশের সাথেই এই খসড়াটি নিয়ে আলোচনা করেছি, তারা প্রত্যেকেই বুঝতে পেরেছে যে এটি কেবল অত্যন্ত যৌক্তিকই নয়, বরং বিশ্বের কল্যাণের জন্য এটিই এই মুহূর্তে সঠিক পদক্ষেপ।
আলোচনার অগ্রগতির মাঝেও পররাষ্ট্রমন্ত্রী রুবিও স্পষ্ট করে দিয়েছেন যে, চুক্তি করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো তাড়াহুড়ো নেই।
তিনি বলেন, প্রেসিডেন্ট কোনো অবস্থাতেই একটি খারাপ বা দুর্বল চুক্তি করবেন না। কাজেই দেখা যাক শেষ পর্যন্ত কী ঘটে। আমরা অন্য কোনো বিকল্প পথ বা কঠোর পদক্ষেপের দিকে যাওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টাকে সফল করার জন্য সম্ভাব্য প্রতিটি সুযোগ দিতে চাই।
বিশ্বরাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আস্থা সংকট: নেপথ্যে ট্রাম্পের ‘খামখেয়ালি’ আচরণ?