লেবাননে সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের কঠোর নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই অভিযান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে ট্রাম্প স্পষ্ট করেছেন, তিনি হিজবুল্লাকে দমনের পক্ষে। কিন্তু এ ক্ষেত্রে ইসরায়েলের পরিবর্তে সিরিয়াকে অধিকতর সক্ষম মনে করেন তিনি।
শিল্পোন্নত সাত দেশের জোট জি৭ সম্মেলন উপলক্ষে বর্তমানে প্যারিসে অবস্থান করছেন ট্রাম্প। মঙ্গলবার (১৬ জুন) সম্মেলনের ফাঁকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলের কড়া সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং এতে ইতোমধ্যে বহু মানুষ নিহত হয়েছেন। কাউকে খুঁজে বের করার জন্য প্রতিবার আবাসিক ভবনে হামলা চালানোর প্রয়োজন নেই। এসব ভবনে অসংখ্য সাধারণ মানুষ বসবাস করে, আর আমি নিশ্চিত করে বলতে পারি, তারা হিজবুল্লার সদস্য নয়।”
তিনি আরও বলেন, “হিজবুল্লা-লেবানন ইস্যু ইসরায়েল যেভাবে মোকাবিলা করছে, তাতে আমি সন্তুষ্ট নই। এটি অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল। কিন্তু তারা এমনভাবে এগোচ্ছে, যেন তাদের সামনে অসীম সময় পড়ে আছে। পাশাপাশি তাদের এই অভিযান ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে।”
ট্রাম্প জানান, গত ১৪ জুন ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতা চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। তবে চুক্তি স্বাক্ষরের কিছুক্ষণ আগেই লেবাননে হামলা চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ঘটনায় তিনি বিরক্তি প্রকাশ করেন।
তার ভাষায়, “চুক্তি স্বাক্ষরের মাত্র দুই ঘণ্টা আগে বৈরুতে যে হামলা হয়েছিল, সেটি আমার ভালো লাগেনি।”
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাকে দমনের কাজটি ইসরায়েলের তুলনায় সিরিয়া আরও কার্যকরভাবে করতে পারবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “আমার মতে, ইসরায়েলের উচিত হিজবুল্লা মোকাবিলার দায়িত্ব সিরিয়ার ওপর ছেড়ে দেওয়া। কারণ সত্যি বলতে, তারা এ কাজটি আরও ভালোভাবে করতে সক্ষম।”
সূত্র: ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল
ব্রিটেনের প্রতিরক্ষা বাজেট ঘাটতি, সামরিক কার্যক্রম হুমকির মুখে
ইরান-লেবানন ইস্যুতে ট্রাম্পকে নিয়ে হতাশ নেতানিয়াহু
জম্মু ও কাশ্মীর সীমান্তে বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত