বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমার পর এবার খুচরা বিক্রেতা ও পেট্রোল স্টেশনগুলোকে অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় জ্বালানি বিক্রেতাদের সামনে ‘বড় বিপদ’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প খুচরা বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, "গ্যাসোলিন বা জ্বালানি বিক্রেতাদের অবশ্যই অবিলম্বে তাদের দাম কমাতে হবে! বিশ্ববাজারে এখন তেলের দাম ব্যারেল প্রতি ৬৮ ডলারে নেমে এসেছে এবং এটি আরও কমতির দিকে রয়েছে, সেই তুলনায় খুচরা বাজারে তেলের দাম এখনও অনেক বেশি।"
তিনি আরও যোগ করেন, "খুচরা বিক্রেতাদের অবশ্যই আমার এই বক্তব্যের দ্রুত প্রতিক্রিয়া দেখাতে হবে এবং যা সঠিক তা-ই করতে হবে— আমাদের মহান আমেরিকান জনগণের জন্য তেলের দাম কমিয়ে দিন! বাজারে কোনো ধরণের অতিরিক্ত মুনাফা বা কারসাজি বরদাশত করা হবে না, যা সম্পূর্ণ বেআইনি। বিক্রেতারা যদি এটি না করেন, তবে সামনে বড় সমস্যা বা বিপদ লুকিয়ে আছে!"
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসের শেষভাগে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে গিয়েছিল। বিশেষ করে ইরান যখন বিশ্বের মোট জ্বালানি সরবরাহের ২০ শতাংশের নিয়ন্ত্রণকারী পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেয়, তখন তেলের বাজার উত্তপ্ত হয়ে ওঠে।
তবে পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়া এবং একটি স্থায়ী চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হওয়ার পর থেকে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ক্রমাগত হ্রাস পেতে শুরু করেছে। আর বিশ্ববাজারের এই দরপতনের সুবিধা সাধারণ মার্কিন নাগরিকদের দিতেই এখন দেশের ভেতরের খুচরা বিক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করছেন ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: আল জাজিরা
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৭০০ ছাড়ালো
পাকিস্তানের কাশ্মীর ভারতের অংশ: ভারতীয় সেনাপ্রধান