জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, সংঘাত, বাস্তুচ্যুতি এবং মানবিক সহায়তার অর্থায়ন কমে যাওয়ায় নাইজেরিয়ায় ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।
সংস্থাটির সর্বশেষ খাদ্য নিরাপত্তা বিশ্লেষণ অনুযায়ী, উত্তর নাইজেরিয়ার সংঘাতপ্রবণ নয়টি অঙ্গরাজ্যে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। আগের মূল্যায়নের তুলনায় ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা প্রায় ২০ লাখ বেড়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, আগামী ছয় মাসে উত্তর নাইজেরিয়ায় জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা এবং প্রয়োজনীয় মানবিক সরবরাহ অব্যাহত রাখতে অন্তত ৮ কোটি ৯০ লাখ ডলার জরুরি অর্থায়ন প্রয়োজন। এই অর্থ না মিললে ক্ষুধা আরও তীব্র হবে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়বে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
বিশেষ করে বোর্নো অঙ্গরাজ্যে নতুন করে সশস্ত্র হামলা এবং মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি সবচেয়ে বেশি অবনতি হয়েছে। সেখানে ৩০ লাখেরও বেশি মানুষ বর্তমানে তীব্র খাদ্য সংকটে ভুগছে।
নিরাপত্তাজনিত ঝুঁকি এবং অর্থসংকটের কারণে ত্রাণ কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চলের তিনটি অঙ্গরাজ্যে খাদ্য সংকটে থাকা প্রায় ৬২ লাখ মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র প্রায় ৭ লাখ ৪০ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচির পশ্চিম ও মধ্য আফ্রিকার আঞ্চলিক পরিচালক কিনডে সাম্বা বলেন, সংঘাত ক্রমেই নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। সশস্ত্র হামলার কারণে মানুষ নিজেদের কৃষিজমি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে, এতে যেমন বাস্তুচ্যুতি বাড়ছে, তেমনি দুর্গত এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়াও দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।
তার ভাষায়, মানুষের খাদ্যে প্রবেশাধিকার হারিয়ে গেলে বাস্তুচ্যুতি, শোষণ এবং অস্থিতিশীলতার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। অথচ ঠিক এই সংকটময় সময়েই মানবিক সহায়তার জন্য প্রয়োজনীয় সম্পদ সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সূত্র: আনাদোলু
দুর্নীতির মামলায় গ্রেপ্তার শ্রীলঙ্কার সাবেক নৌপ্রধান
তীব্র দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, ৩৭০০ জনের মৃত্যু
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলে মার্কিন তরুণ গ্রেপ্তার