দোহায় চিরনিদ্রায় শায়িত আধুনিক কাতারের রূপকার হামাদ বিন খলিফা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:৪০ এএম

উপসাগরীয় দেশ কাতারের আধুনিকায়নের প্রধান কারিগর এবং সাবেক ‘ফাদার আমির’ শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই।

৭৪ বছর বয়সে তার মৃত্যুর পর রোববার দোহার লুসাইল কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে দোহার বিখ্যাত ইমাম মুহাম্মদ ইবনে আবদ আল-ওয়াহাব মসজিদে সংক্ষিপ্ত ও সাধারণ এক জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও পরিবারের সদস্যরা তাঁর মরদেহ দাফনের জন্য নিয়ে যান।

ইসলামী ঐতিহ্য ও রীতিনীতি মেনে অত্যন্ত সাধারণ একটি কবরে সমাহিত করা হয়েছে বিশ্বমঞ্চে কাতারকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া এই দূরদর্শী নেতাকে।

শেখ হামাদ ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। তার শাসনামলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির ওপর ভর করে দেশটির অর্থনীতিতে অভাবনীয় বিপ্লব ঘটে এবং জিডিপি বৃদ্ধি পায় ২৪ গুণেরও বেশি।

তার হাত ধরেই কাতার বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত হয়। এ ছাড়া ১৯৯৬ সালে বিশ্বখ্যাত গণমাধ্যম ‘আল জাজিরা’ নিউজ চ্যানেল প্রতিষ্ঠা করে তিনি বিশ্ব রাজনীতিতে কাতারের প্রভাব বহুগুণ বাড়িয়ে দেন।

২০০৪ সালে কাতারের প্রথম স্থায়ী সংবিধান প্রণয়ন এবং পৌরসভা নির্বাচনে নারীদের ভোটাধিকার দেওয়ার মতো যুগান্তকারী সংস্কার এনেছিলেন তিনি। এমনকি ২০২২ সালের ঐতিহাসিক ফিফা বিশ্বকাপ আয়োজনের কৃতিত্বও তাঁর দূরদর্শী পরিকল্পনার ফসল।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ছেলে শেখ তামিমের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। উপসাগরীয় অঞ্চলের রাজপরিবারগুলোর ইতিহাসে ক্ষমতার এমন শান্তিপূর্ণ ও স্বেচ্ছামূলক হস্তান্তর অত্যন্ত বিরল একটি ঘটনা হিসেবে গণ্য করা হয়।

সোর্স (Source): আল জাজিরা

HN
আরও পড়ুন