ক্ষমতা হারিয়ে পলাতক, মৃত্যুর পরও দেশে ফিরতে পারেননি যারা 

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৬ এএম

একসময় নিজ দেশের রাজনৈতিক ভাগ্য ও রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল তাদের হাতেই। দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করলেও ক্ষমতার পালাবদলে তাদের জীবন হয়ে ওঠে চরম অনিশ্চিত।

গণ-অভ্যুত্থান কিংবা সামরিক অভ্যুত্থানে গদি হারিয়ে তারা দেশ ছাড়তে বাধ্য হন, আর মৃত্যুর পরও জন্মভূমির মাটিতে সমাহিত হওয়ার সুযোগ পাননি।

ইতিহাসের পাতায় এমন নির্মম পরিণতির উদাহরণ হয়ে আছেন পাকিস্তানের ইস্কান্দার আলি মির্জা, উগান্ডার ইদি আমিন এবং ইরানের রেজা শাহ পাহলভি।

১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ইস্কান্দার আলি মির্জা। মাত্র দুই বছরের মাথায় সেনাপ্রধান আইয়ুব খানের সহায়তায় দেশে সামরিক শাসন জারি করলেও, শেষ পর্যন্ত সেই আইয়ুব খানের হাতেই ক্ষমতা হারান তিনি।

গদিচ্যুত হওয়ার পর লন্ডনে পাড়ি জমান মির্জা এবং জীবনের বাকি ১১ বছর সেখানেই কাটান। ১৯৬৯ সালে মৃত্যুর পর পরিবার তাকে পাকিস্তানে দাফন করতে চাইলেও তৎকালীন সরকার অনুমতি দেয়নি; পরে ইরানের শাসক রেজা শাহ পাহলভির উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে ইরানে সমাহিত করা হয়।

তালিকার দ্বিতীয় আলোচিত ব্যক্তি উগান্ডার সাবেক প্রেসিডেন্ট ইদি আমিন, যিনি ১৯৭১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। আট বছরের শাসনামলে তার বিরুদ্ধে ব্যাপক হত্যা, নির্যাতন ও চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে।

১৯৭৯ সালে তানজানিয়ার সেনাবাহিনী ও স্থানীয় বিদ্রোহীরা রাজধানী কাম্পালা দখল করলে দেশ ছেড়ে প্রথমে লিবিয়া এবং পরে সৌদি আরবে আশ্রয় নেন তিনি। শেষ বয়সে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরার আকুতি জানালেও অনুমতি মেলেনি; ২০০৩ সালে জেদ্দায় মৃত্যুর পর তাকে মক্কায় দাফন করা হয়।

নিজ দেশে ফিরতে না পারা আরেক আলোচিত শাসক হলেন ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পাহলভি। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতা হারানোর পর সস্ত্রীক ইরান ত্যাগ করতে বাধ্য হন তিনি।

পরবর্তীতে মিশর, মরক্কো, বাহামা ও মেক্সিকোসহ বিভিন্ন দেশে নির্বাসিত জীবন কাটান এবং ক্যানসারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রেও যান। তবে জীবদ্দশায় আর কখনো জন্মভূমিতে ফেরা হয়নি তার; ১৯৮০ সালে মিশরের কায়রোতে মৃত্যুর পর সেখানেই তাকে সমাহিত করা হয়।

যে দেশগুলোর সর্বময় ক্ষমতা একসময় তাদের হাতের মুঠোয় ছিল, জীবনের শেষ প্রান্তে সেই দেশের মাটিই তাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। রাজকীয় জীবন হারিয়ে তাদের কারও শেষ ইচ্ছা ছিল দেশে ফেরা, আর কারও চাওয়া ছিল নিজ দেশে সমাহিত হওয়া—কিন্তু ইতিহাসের নির্মম পরিহাসে সেই অপূর্ণ ইচ্ছা নিয়েই চিরবিদায় নিতে হয়েছে তাদের।


সূত্র: টাইমস টুডে 

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত