ডেটিং অ্যাপের ফাঁদ: ঘুমের ওষুধ খাইয়ে ১৪ নারীকে ধর্ষণ!

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৭ এএম

জার্মানির বার্লিনে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচিত হয়ে অন্তত ১৪ জন নারীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসিকিউটরদের দাবি, অভিযুক্ত ব্যক্তি শুধু ধর্ষণই করেননি, সেই নৃশংস ঘটনার ভিডিও ধারণ করে রাখতেন।

বার্লিন প্রসিকিউটরস অফিস জানায়, অভিযুক্ত ব্যক্তি অনলাইন ডেটিং প্ল্যাটফর্মে নারীদের ফাঁদে ফেলতেন। এরপর কৌশলে তাদের মদ্যপানের সাথে কড়া ঘুমের ওষুধ মিশিয়ে অজ্ঞান করে যৌন নির্যাতন চালাতেন।

তদন্তকারীরা জানান, অন্য একটি মামলার সূত্র ধরে পুলিশ যখন এই বৃদ্ধের বাড়িতে অভিযান চালায়, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। তার বাড়ি থেকে জব্দ করা একাধিক ডিভাইসে অসংখ্য যৌন নিপীড়নের ভিডিও পায় পুলিশ।

এখন পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ থাকা ৫৮ জন নারীকে শনাক্ত করতে পেরেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে স্পষ্টভাবে প্রমাণিত ১৪ জন নারীর ওপর ২২টি যৌন নির্যাতনের অভিযোগে মামলাটি করা হয়েছে।

প্রথম দফায় ২০২৫ সালের মার্চে ও দ্বিতীয় দফায় চলতি বছরের মার্চে অভিযানের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিচারপূর্ব কারাবন্দী রয়েছেন এবং তার বিরুদ্ধে গুরুতর ধর্ষণ ও শারীরিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

তথ্যসূত্র: এএফপি (AFP)

HN
আরও পড়ুন